সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টার ফিরতেই সিদ্ধান্ত নেওয়া হবে
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানো হবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালেহ আহমেদ জানান, অধ্যাদেশটির গেজেট জারির পর সৃষ্ট সংকট নিরসনে গঠিত সাত সচিবের কমিটি মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে কর্মচারীদের দাবি এবং আলোচনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “মন্ত্রিপরিষদ সচিব এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।”
এদিকে, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনার পর মন্ত্রিপরিষদ সচিবের বৈঠকের ফলাফল বিবেচনা করে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচির পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তিনি বলেন, “আমরা আমাদের দাবি স্পষ্টভাবে তুলে ধরেছি। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”





