রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দলগুলোর সহযোগিতা চায় সরকার
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৮ মে) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা প্রত্যাহারে সরকারের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ ভিত্তিহীন। গত ২২ সেপ্টেম্বর ২০২৪ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি নিয়মিত বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। কমিটি জেলা পর্যায়ের কমিটি এবং আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রাপ্ত তালিকা পর্যালোচনা করে এখন পর্যন্ত ১৬টি বৈঠকে ১১,৪৪৮টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, মামলা প্রত্যাহারের প্রক্রিয়াকে আরও দ্রুত করতে রাজনৈতিক দলগুলোকে তাদের পক্ষ থেকে হয়রানিমূলক মামলার তালিকা কমিটির কাছে জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে দলগুলোকে এই সুযোগ কাজে লাগিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।





