“নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই-আগস্টের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে তখন ঢাকাবাসীর জীবন এবং সম্পদ অনিরাপদ হয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে ক্র্যাব সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ক্র্যাব একসঙ্গে কাজ করে। পারস্পরিক সহযোগিতা ব্যতীত কারো পক্ষেই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় ঢাকাবাসী জমায়েত হবেন এবং আমি আশা করি সবাই আনন্দের সাথে ও নিরাপদ ভাবে এই দিনগুলো উদযাপন করবেন। এ সব অনুষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে।
পরে ডিএপি কমিশনার ক্র্যাব সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট এবং সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কারের ক্রেস্ট প্রদান করেন।





