ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা করা হয়েছে
ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনা ঘটেছে। তবে, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন। অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার সাপ্তাহিক ছুটির দিনে দুপুরে নিজ গলফ ক্লাবে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা খেয়াল করেন, গলফ ক্লাবের সীমানা প্রাচীরের বেড়া দিয়ে এক ব্যক্তি বন্দুকের নল ঢুকাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিস।
মুহূর্তেই পুরো গলফ ক্লাবজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে সন্দেহভাজন বন্দুকধারীকে ধরতে তার পিছু নেয় সিক্রেট সার্ভিস। কিন্তু ততক্ষণে চম্পট দেয় ওই বন্দুকধারী।
ঘটনার পর পুরো এলাকা বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড্র ট্রাম্প সুস্থ আছেন বলে জানিয়েছে তার প্রচারণা শিবির।
আরও পড়ুনঃ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু





