“প্রশাসনে বঞ্চিতদের দ্রুত পদোন্নতি দেয়ার ব্যবস্থা করা হবে”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, প্রশাসনে বঞ্চিতদের দ্রুত পদোন্নতি দেয়ার ব্যবস্থা করা হবে এমনটাও বলেছেন প্রধান উপদেষ্টা। নির্দেশ পেলেই বড় ধরনের রদবদল হবে।
আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ২৫টি মন্ত্রণালয়ের, বেশ কয়েকজন জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা বৈঠক করেন। এরপর সচিবালয়ে এসে ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, সব মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিক করার নির্দেশ রয়েছে। এছাড়াও সচিবদের সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে কিনা-এ ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি বলেও জানান তিনি।
এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করেন। পরে সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয় সচিবদের সঙ্গে বৈঠক। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে যান। তবে তখন কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
আরও পড়ুনঃ আমিরাতে দণ্ডিত বাংলাদেশিদের শাস্তি মওকুফে কথা বলবেন প্রধান উপদেষ্টা





