দেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসনব্যবস্থা কায়েমের জন্য শাসকগোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করেছে। জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতা দখল করে বসে আছে তারা।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শেরেবাংলা নগর এলাকায় তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে এ কথা বলেন তিনি।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন লুটেরা মাফিয়াদের দখলে। এরা একদিকে রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করছে। এদের মূললক্ষ্য হচ্ছে দেশকে একটা পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ বিজয়ী হবো।
বর্তমানে চলমান আন্দোলনে সারা দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও তার দেশে ফিরে আসার জন্য। আমরা দোয়া করেছি, আমাদের শত শত নেতাকর্মী যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্তির জন্য। আমাদের গণতন্ত্রের আন্দোলনে যে সকল নেতাকর্মী শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছি। মামলা-মোকদ্দমায় যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। দোয়া করেছি, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য।
আরও পড়ুনঃ তৃতীয় ধাপে নিরপেক্ষ অবাধ ও সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে: সিইসি





