সুপারশপ থেকে নিত্যপণ্য কেনার পরামর্শ বাণিজ্য প্রতিমন্ত্রীর
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সরকারের লক্ষ্য সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। ফিক্সড প্রাইসের যে দোকানগুলো থাকে, সেখানে পণ্যের দামটা লেখা থাকে। কাঁচাবাজারে গেলে সে যেহেতু দামাদামি করে, তাই বিক্রেতা সেখানে যে দামটা দাবি করে সেটা প্রচার করা হচ্ছে। কিন্তু যে দামে বিক্রি হয়, সেটি প্রচার হচ্ছে না। কাঁচাবাজারে কোন ট্যাগ লাগানো থাকে না। তাই কাঁচাবাজারের এ দামের তুলনা তুলে ধরতে তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সুপার মার্কেটে যদি ২৯ টাকায় আলু থাকে তাহলে কেন আমি ৩৫ টাকায় দামাদামি করব। অনেকে মনে করেন দামাদামি করলে হয়ত ২ টাকা সাশ্রয়ী হবে, সে জন্যই মানুষ কাঁচা বাজারে যান। তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়েও কমে বিক্রি করতেছে সুপারশপগুলোতে। এবং অন্যান্য জিনিসও তারা চেষ্টা করছেন যৌক্তিক মূল্যে বিক্রি করতে।
প্রতিমন্ত্রী বলেন, সুপার শপের অন্যান্য ইনসেনটিভগুলো নেন, প্রত্যেকটা রোজার পণ্য সুপারশপগুলোতে ফিক্সড প্রাইজ। সুপারশপ বলবো না, ফিক্সড প্রাইজ শপগুলোতে তুলনামূলকভাবে কাঁচাবাজারগুলোর চেয়ে কম। ঢাকার প্রত্যেকটা হোলসেল মার্কেট আমাদের নজরদারিতে। পাইকারি বিক্রেতাদের একটি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। তারা যেন ভাউচারগুলো দেয় যে, কত দামে তারা রিটেইলারের কাছে বা খুচরা বিক্রেতার কাছে দিল। আমরা যখন যাই খুচরা বিক্রেতাদের কাছে, এটি পাই না। কারণ তারা পাইকারি বাজারের আড়তদার থেকে নয়, পাইকারি বাজারের রাস্তা থেকে কিনছে। সেটাই আমি হাইলাইট করার চেষ্টা করেছিলাম। এগুলো অনুশাসনের মধ্যে আনতে হবে।
আহসানুল ইসলাম টিটু বলেন, সাপ্লাই চেইনের মনিটরিংয়ে একটি সফটওয়্যার ডেভেলপ করার চেষ্টা করছি। যাতে আমরা সাপ্লাই চেইনটা মনিটরিং করতে পারি। এটা আমরা আগামীকাল উদ্বোধন করবো। আমাদের সাপ্লাই চেইন মনিটরিং করতে পারবো, কোথা থেকে কীভাবে পণ্য যাচ্ছে। কৃষক বেগুনের দাম পাচ্ছে ১০ টাকা। সেটি ঢাকায় এসে কত টাকায় বিক্রি হচ্ছে। বিপণন একটি আইনের আওতায় আছে, সেটি কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে আমরা শক্তিশালী করবো। চালের ব্যাপারে তেমন অস্থিরতা নেই, যেহেতু কোনো নিউজ নেই।
তিনি বলেন, আমাদের লক্ষ্য সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। ফিক্সড প্রাইজের যে দোকানগুলো থাকে সেখানে পণ্যের দামটা লেখা থাকে। কাঁচাবাজারে গেলে সে যেহেতু ব্যক্তি সে দামাদামি করে। যে দামটা সে চায় সেটিই প্রচার হচ্ছে। কিন্তু যে দামে বিক্রি হচ্ছে সেটি প্রচার হচ্ছে না। কাঁচাবাজারে কোনো ট্যাগ লাগানো থাকে না। আমার অনুরোধ কম্প্যারিজমটা করবেন। আমাদের কাছে কমিটমেন্ট আছে কে কতো দামে বিক্রি করবে।





