“একসময় পান্তা খেয়ে মানুষ জীবন পার করেছে, তবে এখন মানুষ পান্তা খায় না”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পাকিস্তান আমল থেকে দেশে বিভিন্ন সময়ে খাদ্যের অভাব ছিল। এখন তা নেই। বাংলাদেশ বর্তমানে দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। একসময় পান্তা খেয়ে মানুষ জীবন পার করেছে, তবে এখন মানুষ পান্তা খায় না।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘সেইফ ফুড কার্নিভাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।
বাজারে ভেজাল খাদ্য বেচাবিক্রি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যারা ভেজাল খাদ্য বুঝেশুনে বিক্রি করছেন। তারা আবার দিনশেষে অন্যের কাছ থেকে নিজেও ভেজাল খাদ্য কিনছে।
নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, নিরাপদ খাদ্য নির্দেশিকা নামে সরকার বই ছাপাচ্ছে, তবে দেশের মানুষ তা পড়ছে না।
প্যাকেটজাত পণ্যের কোম্পানিগুলো বাজারে যে পণ্য ছাড়ছে, তা কতটা নিরাপদ, তা যাচাই করা উচিত বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, স্বস্তায় পেলে বেশি পণ্য কেনা থেকে বিরত থাকুন। অল্প খাবেন কিন্তু তা নিরাপদ হতে হবে।
পণ্য রফতানি নিয়ে মন্ত্রী বলেন, আমরা রফতানি করতে পারছি না কারণ আমাদের আত্মবিশ্বাস নেই। সেই আত্মবিশ্বাস তৈরিতে পণ্যে ভেজাল দেয়া থেকে বের হয়ে আসতে হবে আমাদের। দেশের পণ্য বিদেশে যাচ্ছে। কিন্তু সেগুলো মানের কারণে আন্তর্জাতিক শপগুলোতে বিক্রি কম হচ্ছে। এর মানে হচ্ছে আমাদের ভালো মানের খাবার তৈরি করতে হবে।
তাছাড়া দেশের জমিতে ভালো ফসল উৎপাদন সম্ভব, তবে তার জন্য আগ্রহ বাড়াতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আরও পড়ুনঃ পদ্মা সেতুতে দৈনিক সোয়া ২ কোটি টাকা আয় হচ্ছে: প্রধানমন্ত্রী





