“শিগগিরই ঢাকা ও চট্টগ্রামের গ্যাস সংকট কেটে যাবে”
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শীত মৌসুম এবং অবৈধ গ্যাসের লাইনের কারণেই গ্যাসের বেশি সংকট দেখা দিয়েছে। শিগগিরই ঢাকা ও চট্টগ্রামের গ্যাস সংকট কেটে যাবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।
আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
আগামী দুই বছরের মধ্যে দেশের সকল গ্রাহককেই প্রিপেইড গ্যাস মিটার আওতায় আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরপর থেকেই নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
নসরুল হামিদ বলেন, বাসা বাড়িতে এখন এলপিজি গ্যাস সরবরাহের তাগিদ দেয়া হচ্ছে। এলপিজি গ্যাসের দামও অনেকটা কমে গেছে তুলনামূলকভাবে। শিল্পকল কারখানায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেয়ার গুরুত্ব বেশি থাকবে। বাসা বাড়িতে এলপিজি গ্যাস দেয়ার লক্ষ্যকে বেশি গুরুত্ব দেয়া হবে।
গ্যাসের দাম বাড়বে এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে নিজস্ব গ্যাস আহরণে আশাবাদী সরকার। বাসা বাড়ির গ্যাসের দাম সমন্বয় করা হবে না। গ্যাসের দাম বাড়বে বলে গুজবে কান না দেয়াই ভালো।





