নওগাঁয় ট্রাক-পিকআপ সংঘর্ষ; নিহত ৩
নওগাঁর মান্দায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লার মৃত কাদিরের ছেলে রবিউল ইসলাম (৪০), একই মহল্লার সিরাজুল ইসলামের ছেলে রাজন ইসলাম (৩৫) এবং হাঁপানিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শী ওয়াসিম রাজু বলেন, ‘ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিকে পিকআপটি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে শ্রীরামপুরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।’





