“যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করলে খুশি হবো”
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা যেটা বলেছিল, যারা নির্বাচন প্রতিহত করবে বা বর্জন করবে তাদের ওপর ভিসানীতি প্রয়োগ করবে। আমি খুব খুশি হব, যদি তারা সত্যি সেটা প্রয়োগ করে। তারা (বিএনপি) তো নির্বাচন বর্জন করছে। যাতে নির্বাচন না হয় তার জন্য। আমেরিকা যে কমিটমেন্ট করে সেটা বাস্তবায়ন করলে ভালো।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এলাকায় ছায়া যুদ্ধ চাই না। এখন এ অঞ্চলের সব দেশ মোটামুটি আমাদের সঙ্গে একমত। ইউরোপিয়ানরা ছায়া যুদ্ধে পড়ে গেছে। আমরা আমাদের অঞ্চলে সেটা চাই না।
এ অঞ্চলে অনেক দেশ ছায়া যুদ্ধ চায় অভিযোগ করে মন্ত্রী বলেন, অনেক দেশ চাইবে, আমাদের এ অঞ্চলের যেন ছায়া যুদ্ধ হয়।
আসন্ন নির্বাচনটি মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হচ্ছে। এ নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে কি না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। আর যদি ১০ কিংবা ১২ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে আসেন, তাহলে সেটা ১৫ ফেব্রুয়ারির মতো গ্রহণযোগ্যতা পাবে না।
আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা জানলেন প্রধানমন্ত্রী





