দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৯৯ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৩৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ জন আর ঢাকার বাইরের ১০৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ২০ হাজার ৮৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৮৯৯ জন, আর ঢাকার বাইরের দুই লাখ ১০ হাজার ৯৩৬ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৫ জন এবং ঢাকার বাইরের ১৫৯ জন।
গত ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৮ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৮ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৬১৩ জন।
আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা জানলেন প্রধানমন্ত্রী





