বিশ্ববাজারে সোনার দাম বাড়ল
বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বাড়ছে এ ধাতুটির দাম।
বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার মধ্যে দেশের বাজারেও এ ধাতুটির দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে হুটহাট সোনার দাম বাড়ানোর ঘোষণা আসছে। এতে একের পর এক রেকর্ড ভেঙে দেশের বাজারে বর্তমানে সর্বোচ্চ দামে বক্রি হচ্ছে সোনা।
অবশ্য এ রেকর্ডও যে কোনো সময় ভেঙে যেতে পারে। কারণ বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা ধারণা করছেন, নতুন সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রথমবারের মতো দুই হাজার একশ ডলার ছাড়িয়ে যেতে পারে। সেটি হলে দেশের বাজারেও সোনার দাম নতুন করে বাড়ানোর ঘোষণা আসবে।
হঠাৎ সোনার দামে অস্থিরতা দেখা দেওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বৈশ্বিক এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর সঙ্গে সামনে বিভিন্ন দেশে নির্বাচন আসছে। সবকিছু মিলে এক ধরনের অনিশ্চিত অবস্থার আশঙ্কা করা হচ্ছে। এসব কারণে বৈশ্বিক এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।





