“শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়েছেন”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গ্রামের মানুষকে বঞ্চিত করে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়েছেন।
শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদ আয়োজিত ‘মহান বিজয় দিবস ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় তাই আবারও দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের মানুষ আর পেছনের দিকে যাত্রা করবে না।
তিনি বলেন, গ্রামের মানুষকে বঞ্চিত করে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দিয়েছেন। শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবার ফলে প্রত্যন্ত গ্রামের যুবসমাজও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। তরুণ-তরণীরা প্রথাগত চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখছে।
আরও পড়ুনঃ শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী





