কক্সবাজার থেকে ঢাকায় ট্রেন চলাচল শুরু
পর্যটন নগরী কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যায়।
এ বিষয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, ‘বাণিজ্যিক ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখন সেই কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষায় রয়েছি। বেলা সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ৭৮০ জন যাত্রী নিয়ে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে রাত সাড়ে ১০টায় সম সংখ্যক যাত্রী নিয়ে ঢাকা থেকে আরেকটি ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তিনি জানান, এ রুটে আপাতত দুটি ট্রেন চলাচল করবে। কক্সবাজার থেকে ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১২টায়। চট্টগ্রাম হয়ে এটি ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। অন্যদিকে ঢাকা থেকে ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। এটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭টা ২০ মিনিটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ নভেম্বর কক্সবাজারে নব নির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী





