দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬২২ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪৪ জন। এছাড়া ঢাকার বাইরের ৭৩৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকার বাসিন্দা তিনজন, ঢাকার বাইরের চারজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১১ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৮৩৬ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৪ হাজার ৫৫ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০৭ জন এবং ঢাকার বাইরের ৭৭১ জন।
গত ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৬ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৫ হাজার ৯৯১ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৭৯৯ জন।
আরও পড়ুনঃ শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী





