সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩৪
সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর বিমান হামলায় ৩৪ বিদ্রোহী নিহত হয়েছেন এবং ৬০ জন আহত হয়েছেন।
সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন সিরিয়ায় রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিত।
তিনি বলেন, ইদলিবে অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে রাশিয়ার বিমানবাহিনী হামলা চালিয়েছে। এই গোষ্ঠীগুলো সিরিয়ার সরকারি সেনাদের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে।
ভাদিম কুলিত দাবি করেন, ২৪ ঘণ্টায় (শনিবার পর্যন্ত) সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে সাত দফায় হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
সিরিয়ার ইদলিব ও আলোপ্পোর সরকারনিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরীয় সেনাবাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালানোর খবরও অস্বীকার করেছে তারা।
আরও পড়ুনঃ কক্সবাজারে ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





