একদিনে ডেঙ্গুতে ১৩ জনের মত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৫ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯১ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৩৬ জন। একই সময়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ছয়জন ঢাকার আর ঢাকার বাইরের বাসিন্দা সাতজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৫৩১ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ৫৩০ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক লাখ ৪৩ হাজার একজন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৩৫ জন। তাদের মধ্যে ঢাকার ৭০৯ জন এবং ঢাকার বাইরের ৪২৬ জন।
আরও পড়ুনঃ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের ঘোষণা ডিএমপির





