বিএনপিকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা করুক। বিএনপি যে বলছে তাদের প্রচণ্ড জনপ্রিয়তা, তারা নির্বাচনে এসে সেটি একটু যাচাই-বাছাই করে দেখুক।
আজ রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়রে সভাকক্ষে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত ‘পূর্ব পাকিস্তান সংকট শ্বেতপত্র’ পুনর্মুদ্রণের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে। নির্বাচনে কোন দল অংশগ্রহণ করলো বা করলো না সেটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ অংশগ্রহণ করলো কি না। সবশেষ সিটি করপোরেশন নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেয়নি। কিন্তু সেসব সিটি নির্বাচনে ৫০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছে এবং নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে।
ড. হাছান বলেন, আগামী নির্বাচনেও বিএনপি এলে আমরা স্বাগত জানাই, আমরা চাই তারা অংশগ্রহণ করুক। কিন্তু না এলেও জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে। নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে।
দেশে অর্থনৈতিক মন্দা প্রসঙ্গে অন্য এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। গোটা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে। সেটির ঢেউ কিছুটা যে বাংলাদেশের ওপর লাগেনি তা নয়। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং অন্য দেশগুলো এমনকি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশেও অর্থনৈতিক মন্দা চলছে। সেটির ছোঁয়া বাংলাদেশেও লেগেছে, এটি খুব স্বাভাবিক।
আরও পড়ুনঃ ৫২ মামলার মধ্যে প্রথম মামলায় পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড





