যুক্তরাষ্ট্রের ৭ সদস্যের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলে ঢাকায় পৌঁছেছেন
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য ঢাকায় পৌঁছেছেন।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তারা।
এর আগে গত ২১ সেপ্টেম্বর মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শীলার জানিয়েছিলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। তবে আরও কেজন বাড়িয়ে ৭ সদস্যের প্রতিনিধি দল আজ ঢাকায় এসেছেন।
ব্রায়ান জানান, ছয়জন সদস্য এবং তাদের সহায়তার জন্য কিছু কর্মকর্তাসহ প্রতিনিধি দলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে এ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।
এ প্রতিনিধি দলের কার্যক্রম সম্পর্কে মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে।





