বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিকেলে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
ভারতের ধর্মশালায় বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রান তুলতেই সবকটি উইকেট হারায় আফগান বাহিনী। জবাবে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্ত। মিরাজ ৫৭ রান করে ম্যাচসেরার পুরস্কার পান। এই রান করতে মিরাজ খেলেছেন ৭২ বল। ৫৭ রানের ইনিংসে ৫টি চারের মার রয়েছে বাংলাদেশি এই অলরাউন্ডারের।





