“দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে”
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে।
আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদপুর ও যশোর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচন বাঞ্চাল করা, ১৫ সালে একটানা ৯০দিন হরতাল, অবরোধ করেছে। শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এরচেয়ে বিভৎস, পৈচাশিক আর কী হতে পারে। চরম বর্বরতা। গণতন্ত্রের নামে অধিকারের নামে এগুলো করা হচ্ছে। এটা কি গণতন্ত্র? রাত তিনটার সময় একজন নারী জরুরি কাজে গাড়িতে এসেছে তাকেসহ গাড়ির লোকজনকে গাড়িতে তালা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে।
তিনি বলেন, এখন আবার নতুন করে ষড়যন্ত্র করছে, বারবার হুমকি দিচ্ছে, বাংলাদেশকে অচল করে দেবে, ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সারা দেশকে অস্থিতিশীলের দিকে ঠেলে দিচ্ছে। এটা দেশের জন্য, অর্থনীতির জন্য মঙ্গলজনক নয়।
মন্ত্রী উপস্থিত সবার উদ্দেশে বলেন, এ সকল বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। অবশ্যই আপনারা সঠিক কথাটা মানুষের মাঝে তুলে ধরবেন। দেশটা যে আজকে উন্নয়নের শিখরে উঠেছে, সারা বিশ্বের মধ্যে উন্নয়নের জন্য রোল মডেল। এ জাতিকে কি আমরা ভিক্ষুকের জাতি রাখব, আবার কি খাদ্য ভিক্ষার জন্য সারা পৃথিবী ঘুরে বেড়াব। নাকি আমরা বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্ত করবো?





