যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার
শুক্রবার জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং এর ফাঁকে অন্যান্য উচ্চ পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।
লন্ডনে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন। এসময় বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলীর নেতৃত্বে এক প্রতিনিধিদলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠক





