“খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিলে, তার শর্তযুক্ত মুক্তি বাতিল হবে”
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের পরিবর্তন না করে খালেদা জিয়াকে মুক্তি দেয়া যাবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে হলে, তার শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই বলে জানিয়েছেন ।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়। শর্তযুক্ত মুক্তি বাতিল করে স্বঅবস্থানে যাওয়ার পরে অন্য বিবেচনা করা যাবে।
আনিসুল হক বলেন, দেশে আইনের শাসন রয়েছে। আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। আইনের পরিবর্তন না করে খালেদা জিয়াকে মুক্তি দেয়া যাবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে হলে, তার শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে।
গত ৯ আগষ্ট থেকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন—খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি লিভার সিরোসিসে আক্রান্ত। বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে একাধিকবার পরামর্শও দেয় মেডিকেল বোর্ড।
দুর্নীতি মামলায় সাজা হলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কিছু শর্তসাপেক্ষে খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। পরবর্তীতে কয়েকদফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।
আরও পড়ুনঃ কম বয়সে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর পরিসংখ্যান কেন বাড়ছে?





