সরকারের কোনো ক্ষমতা নেই ড. ইউনূসের মামলা বন্ধ করার: পররাষ্ট্রমন্ত্রী
আইনের শাসন মানতে হলে সরকারের ড. মুহাম্মদ ইউনূসের মামলা বন্ধ করার কোনো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, খুবই দুঃখজনক যে ইউনূস আমাদের একজন সম্মানিত নাগরিক। তার বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি। তার প্রতিষ্ঠান যাদের ঠকিয়েছে, তারাই শ্রম আইনে মামলা করেছেন।
তিনি বলেন, আইনের শাসন মানতে হলে সরকারের কোনো ক্ষমতা নেই মামলা বন্ধ করার। তিনি অপরাধ না করলে তো ভয়ের কোনো কারণ নেই। বিচার তার পক্ষেই যেতে পারে। তার অপরাধবোধ থাকার কারণটা খুবই দুঃখজনক। দামি লোক তিনি, ভয়ে আতঙ্কিত। তিনি সৎ ও সাহসী হয়ে থাকলে মামলা মোকাবিলা করা উচিত। মামলায় যা হবে, সেটা তিনি মেনে নেবেন। এ দেশের নাগরিক হলে এ দেশের আইন-কানুনও মানতে হবে।
তিনি বলেন, ড. ইউনূস একটি ফার্মকে নিয়োগ করেছেন, তার পক্ষে সই নিয়ে আসতে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী বলেছেন, তারা চাইলে এসে মামলাটি লড়তে পারেন। যুক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচার হবে। কাজেই এ নিয়ে ভয় পাওয়ার তো কারণ নেই। নিজে দোষী হলে একটু ভয় পাবেনই।
আরও পড়ুনঃ দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতকে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ





