কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ২ জন নিহত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উখিয়ার ক্যাম্প-৬ ডি ক্যাম্প-২ ইস্টের নুর মোহাম্মদ (৩৫) ও ক্যাম্প-৭ এর ব্লক-সি/৬ এর আব্দুল হামিদের ছেলে শামসু আলম (২৫)।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-৬ ব্লক ডি/৫ এর ১২ নম্বর সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৬ ব্লক ডি/৫ এর ১২ নম্বর পাহাড় এলাকায় সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের মধ্যে আনুমানিক ১২-১৫ রাউন্ড গুলিবিনিময় হয়। গোলাগুলিতে নুর মোহাম্মদ নামের একজন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। শামসু আলম নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
আশপাশের রোহিঙ্গারা আহত ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শামসু আলম মারা যান।
আরও পড়ুনঃ দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতকে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ





