খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার মুক্তির আবেদনে বিদেশে নেয়ার বিষয়টি ছিল। কিন্তু সেই বিষয়ে আইনি কোনো সুযোগ নেই। আইনি সুযোগ থাকলে আমরা বিবেচনা করতাম।
আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তির আগের বাড়ানো মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে একই শর্তে মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
আইনমন্ত্রী বলেন, আমার স্বাক্ষরের পর ফাইল ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে। এটি প্রধানমন্ত্রীর কাছে যাবে না।
এর আগে, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারকে চিঠি দিয়েছে তার পরিবার। অতীতের যেকোনো সময়ের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা নাজুক জানিয়ে ও বিদেশে উন্নত চিকিৎসা জরুরি উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার।
৭ সেপ্টেম্বর বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না এই দুই শর্তে চলতি বছরের ২৬ মার্চ তার মুক্তির মেয়াদ ৭ম বারের মতো আরও ৬ মাস বাড়ানো হয়। যা শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এ নিয়ে নির্বাহী আদেশে ৮ বারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।
আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী





