২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এনিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৬১৮ জন মারা গেছেন। এরমধ্যে রাজধানীতে ১৭ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৪ জন রয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৯৮২ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৭০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯০৩ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪ হাজার ৭২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
বিজ্ঞপ্তিতে বলা হয়,এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৯ হাজার ৫৯২ জন এবং ঢাকার বাইরে ৬৮ হাজার ১০২ জন।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৫৫ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৬৩ হাজার ২১১ জন।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ বরিশালের উজিরপুরে শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও মেধা বৃত্তি প্রদান





