“দেশের যে প্রান্তেই গিয়েছি সেখানেই প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া দেখেছি”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন সারাদেশ ঘুরে দেখতে। আপনার নির্দেশনায় আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি। দেশের যে প্রান্তেই গিয়েছি সেখানেই আপনার উন্নয়নের ছোঁয়া দেখতে পেয়েছি। এ দেশের জনগণ আপনার উন্নয়নের কথাই বলেছে।
শনিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের পর সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার। আজ ডিজিটাল বাংলাদেশ কতখানি আবশ্যকীয় তা সবাই জানে। আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশের কথা বলছেন; আমাদের নতুন প্রজন্ম এটারই নাগরিক হবে, তারা মুখ উঁচু করে বলতে পারবে বঙ্গবন্ধুর দেশের মানুষ আমরা, বাংলাদেশের মানুষ আমরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের তেজগাঁও থেকে এয়ারপোর্ট যেতে এক ঘণ্টা লাগবেই। আর যানজট হলেতো খবরই নেই। আজ ১০ মিনিটের মধ্যে বিমানবন্দর থেকে তেজগাঁও চলে আসছি। প্রধানমন্ত্রী আমরা আপনার উন্নয়নের কথা বলে শেষ করতে পারবো না।
আমি পৃথিবীর যেখানেই গিয়েছি সেখানেই আপনার (প্রধানমন্ত্রী) প্রশংসা দেখেছি। সবাই জিজ্ঞাসা করেন, কীভাবে একটা অনুন্নত দেশ যেখানে ২০০৮ সালে পার ক্যাপিটাল ইনকাম ছিল ৫৬০ ডলার, সেখান থেকে আপনি কীভাবে টেনে একটা সম্ভাবনাময় দেশ তৈরি করেছেন।
আমি শুধু এটুকুই বলি-তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেশের মানুষ তাকে ভালোবাসে, তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি যা কমিটমেন্ট করেন তাই তিনি ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দেন এবং দেখাচ্ছেন। সেজন্যেই বাংলাদেশের মানুষ আজ তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আমরা এখন মাথা উঁচু করে চলতে পারি।
আরও পড়ুনঃ “মূর্খদের হাতে দেশের দায়িত্ব পড়লে সে দেশের কোনো অগ্রযাত্রা হতে পারে না”





