ভারতে জিপ খাদে পড়ে ৮ নারী শ্রমিকের মৃত্যু
ভারতের কেরালায় একটি জিপ খাদে পড়ে আট নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার বিকেলে রাজ্যের ওয়েনাদ জেলার থালাপ্পুঝার কাছে কান্নোথমালা গ্রামে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেলে চা বাগানের কাজ শেষে ১৪ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। শ্রমিকদের অধিকাংশই নারী। পথিমধ্যে কান্নোথমালা এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আট শ্রমিক মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন পাঁচজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আটজন মারা যান। বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ ছাড়া তিনি নিজে জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে টুইট করেছেন।





