রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটুনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটুনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। সেখানে বেশ খানিকটা অগ্রগতিও হয়েছে। সরকার মনে করে এই মানবিক সমস্যার সমাধান খুবই জরুরি।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান বিষয়ক সেমিনারে হাছান মাহমুদ এসব কথা বলেন। রোহিঙ্গা ক্যাম্পগুলো মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি। কিন্তু সেখানেও রোহিঙ্গারা চলে এসেছে।
মন্ত্রী বলেন, কক্সবাজারে বাঙালিরাই এখন সংখ্যালঘু হয়ে গেছে! পরিবেশ ধ্বংস হচ্ছে, অপরাধ বাড়ছে। ক্যাম্পগুলো মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশের জন্য সমস্যা না, সারা বিশ্বের জন্য সমস্যা।
বিভিন্ন ঝুঁকির মধ্যেই বাংলাদেশ দুই মিলিয়ন রোহিঙ্গার দ্বায়িত্ব নিয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর কোনো আন্তর্জাতিক চাপ নেই। তবে চীন ও ভারত চেষ্টা করছে।
মিয়ানমারের জান্তা সরকার দায়িত্বশীলের মতো কাজ করছে না মন্তব্য করে তিনি বলেন, কয়েকজন করে রোহিঙ্গা দেশে নিয়ে যাওয়া কোনো সমাধান নয়।
বিএনপিও সব রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠাতে পারেনি বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিদেশিদের কাছে ক্ষণে ক্ষণে যায় বিএনপি।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল : ওবায়দুল কাদের





