সৌদিতে হোটেলে আগুন লেগে ৮ পাকিস্তানির মৃত্যু
সৌদি আরবের মক্কা নগরীতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ পাকিস্তানি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ছয় পাকিস্তানি।
আজ শনিবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে।
গালফ নিউজ জানায়, আগুনে হতাহত পাকিস্তানিরা ওমরা পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পাকিস্তানের আটজন নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতার মাধ্যম রেডিও পাকিস্তান বলছে, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ সুগন্ধযুক্ত সাবানে আকৃষ্ট হয় মশা





