বঙ্গবাজারের আগুন ব্যবসায়ীদের দ্বন্দ্বে কি-না, খতিয়ে দেখছে ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আজ শনিবার রাজধানীর তেজগাঁও সংলগ্ন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
গোলাম ফারুক বলেন, বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লাগানো হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণও ফায়ার সার্ভিস তদন্ত করছে। এছাড়া ফায়ার সার্ভিসের অফিসে হামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য, শিশু আইন সংশোধনের প্রয়োজন মন্তব্য করে গোলাম ফারুক বলেন, রাজনীতিবিদরা কিশোরদের নানাভাবে ব্যবহার করায় বাড়ছে কিশোর গ্যাং কালচার। এ জন্য দরকার কঠোর শিশু আইন। যাতে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এছাড়া, ছিনিয়ে নেয়া জঙ্গিদের ধরতে কেন দেরি- এমন প্রশ্নের জবাবে গোলাম ফারুক বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সময় লাগছে। কারণ তারা স্বাভাবিক মোবাইল বা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে না।
আরও পড়ুন : মশলার ইতিহাস: জায়ফলের বিনিময়ে তখন একই ওজনের সোনা মিলতো!





