“বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি রেললাইন ধরে পালিয়ে গিয়েছিলেন”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি পদে বিএনপির নাকি কোনো আগ্রহ নেই। তাদের আগ্রহ থাকবেও না। কারণ বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরী (বদরুদ্দোজা চৌধুরী) রেললাইন ধরে পালিয়ে গিয়েছিলেন।
আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের বলেন, দেশের সংবিধানে, গণতন্ত্রে তাদের (বিএনপি) কোনো আগ্রহ নেই। গণতন্ত্র ও সংবিধানে যদি আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো, তা নিয়েও তাদের আগ্রহ না থাকারই কথা। তা নিয়ে আমরাও অবাক হইনি। বিএনপি বলে তাদের শান্তি সমাবেশে নাকি আওয়ামী লীগ বাধা দিচ্ছে। আমরা আওয়ামী লীগ সরকার তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছি। উল্টো তাদের সময় তারা আমাদের অনেক অত্যাচার-নির্যাতন করেছিল। তারপরও আমরা চাই বিরোধী দল থাকুক।
আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা





