“তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫ হাজার”
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৫ হাজার ছুঁয়েছে। দুটি দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৯৪০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক ছাড়াও এই ভূমিকম্প পাশের দেশ সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এদিন ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কাহরামানমারাস শহরে।
এ বিষয়ে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা ওরহান তাতার এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮১ জনে পৌঁছেছে। তাতারের মতে, ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এখন পর্যন্ত তুরস্কে ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পকবলিত এলাকায় প্রায় ২৫ হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। তারা আহতদের পরিবহন এবং অনুসন্ধান অভিযানে দ্রুততর করার জন্য কমপক্ষে ১০টি জাহাজ এবং ৫৪টি বিমান ব্যবহার করছেন বলেও জানিয়েছেন তিনি।





