রাজধানীতে ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো: আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৫)।
শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটিবাজার এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানায়, শিশু দুটির পরিবারই ওই এলাকায় বোরহান মিয়ার ৫তলা বাড়িটিতে ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।
সন্ধ্যায় বাড়ির ছাদে বেশ কয়েকটি শিশু খেলছিল। তবে ছাদে কোনো রেলিং নেই। হঠাৎ দুইজন একসাথে সেখান থেকে নিচে পড়ে যায়। শুনতে পেয়ে ভবনের নিচ থেকে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
আরও পড়ুনঃ সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে





