জর্জিয়ায় গুলিতে পুলিশসহ নিহত ৬
জর্জিয়ায় সাগারেহো শহরে সাবেক এক সেনা সদস্যের গুলিতে পুলিশসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দা থেকে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। একপর্যায়ে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার সাগারেহো শহরের একটি আবাসিক এলাকা হঠাৎ করেই কেঁপে ওঠে গুলির শব্দে। এলাকাটির একটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দা থেকে সাবেক এক সেনাসদস্য কয়েক দফা গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের দেখামাত্রই ভবনটির বারান্দা থেকে গুলি ছুড়তে শুরু করেন ওই সেনাসদস্য। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য এসে পুরো ভবনটি ঘিরে ফেলে। তবে হামলাকারী অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য করেও গুলি চালালে ভবনের ভেতরে ঢুকতে পারছিল না পুলিশ। একসময় পালানোর পথ নেই বুঝতে পেরে নিজের বন্দুক দিয়েই ওই সেনা সদস্য আত্মহত্যা করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ক্রিস হিপকিনস হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী





