সারা দেশে বাড়বে শীতের প্রকোপ
সারা দেশে রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।
আরও পড়ুনঃ স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





