জার্মানিতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৫ গ্রেপ্তার
জার্মানিতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
জার্মানির একজন স্বল্পপরিচিত অভিজাত ব্যক্তি প্রিন্স ত্রয়োদশ হেইনরিখের (৭১) নেতৃত্বে কট্টর দক্ষিণপন্থী ও সাবেক সামরিক সদস্যদের একটি গ্রুপ জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্ট্যাগে অভিযান চালিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছিল বলে সন্দেহ করা হয়।
জার্মানির পুলিশ অনেকদিন ধরেই এ বিষয়ে নজরদারি চালাচ্ছিল। কারণ একটি চরমপন্থী গ্রুপ ‘রাইখসবার্গার (সিটিজেনস অব দ্য রাইখ) মুভমেন্টের’ অনেক সদস্য এই ষড়যন্ত্রে জড়িত বলে মনে করা হয়। এই গ্রুপটির বিরুদ্ধে অনেক সহিংস হামলা চালানো এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর অভিযোগ রয়েছে। এরা আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকার করতে চায় না।
প্রায় ৫০ জন পুরুষ ও নারী এই গ্রুপের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হচ্ছে। এরা জার্মান প্রজাতন্ত্র উৎখাত করে তারা জায়গায় ১৮৭১ সালের জার্মানির ‘দ্বিতীয় রাইখের’ আদলে একটি নতুন রাষ্ট্র গড়ার পরিকল্পনা করছিল।





