৮ বছরের আগে পরিবর্তন করা যাবে না ব্যাংকের চেয়ারম্যান-সিইওর গাড়ি
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) এখন থেকে ৮ বছরের আগে গাড়ি পরিবর্তন করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়, ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাসকল্পে বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চব্যয় পরিহারে নতুন নির্দেশনা কার্যকর হবে। এর আগে সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য সার্বক্ষণিক গাড়িসহ সব যানবাহন অন্তত পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়। এখন থেকে গাড়ির আয়ুষ্কাল সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সঙ্গতি রেখে এ নির্দেশনা প্রদান করা হচ্ছে যে, তফসিলি ব্যাংকসমূহের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত গাড়ি ন্যূনতম ৮ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর গাড়ি পাঁচ বছরের আগে পরিবর্তন করা যাবে না মর্মে নির্দেশ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার পর এখন থেকে সেটি আট বছরের উন্নীত করা হলো। মূলত ব্যাংকের ব্যয় কমাতেই বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিলো।
আরও পড়ুনঃ দিবস পালনে মিতব্যয়ী হতে নির্দেশনা দিল সরকার





