“শান্তিরক্ষা মিশনের সদস্যরাও পাবেন রেমিট্যান্স প্রণোদনা”
এখন থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত দেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরাও রেমিট্যান্স প্রণোদনা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের অর্জিত রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা দেওয়া হবে। মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রাপ্ত অর্থের বিপরীতে প্রণোদনার অর্থ ছাড়করণের জন্য সংশ্লিষ্ট সংস্থা তাদের সদস্যদের প্রত্যেকের প্রাপ্যতার তালিকাসহ ব্যাংক বরাবর আবেদন করবে।
সংশ্লিষ্ট আবেদনকৃত অর্থ ছাড়করণের জন্য সশস্ত্র বাহিনীর জন্য তৈরি তালিকাসহ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস্ অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট (এবিডি) বরাবর আবেদন করতে হবে।
সরকার থেকে তহবিল পাওয়া সাপেক্ষে ব্যাংক বরাবর অর্থ ছাড় করবে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংক সশস্ত্র বাহিনী প্রদত্ত তালিকা মোতাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ ব্যাংক হিসাবে নগদ সহায়তা জমা করবে।





