‘৭টি যুদ্ধ থামিয়েছি, নোবেল শান্তি পুরস্কার ৭টি পাওয়া উচিত’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভারত-পাকিস্তানসহ বিশ্বের সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এজন্য তাকে সাতটি নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্ব মঞ্চে এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি স্বাক্ষর করছি, যুদ্ধ বন্ধ করছি। আমরা ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর যুদ্ধ বন্ধ করেছি। এর মধ্যে ৬০ শতাংশ যুদ্ধ বাণিজ্যের মাধ্যমে থামানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে আমি বলেছিলাম, যুদ্ধ করলে বাণিজ্য হবে না। তাদের পারমাণবিক অস্ত্রও আছে। আমি দুই দেশের নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি, কিন্তু বাণিজ্যের মাধ্যমে আমরা এই যুদ্ধ বন্ধ করেছি।’ ট্রাম্প দাবি করেন, তিনি বাণিজ্যিক সম্পর্ক ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সংঘাতগুলোর সমাধান করেছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অনেকে বলেছে, আমি যদি এই সংঘাত বন্ধ করতে পারি, তাহলে নোবেল শান্তি পুরস্কার পাব। আমি বলি, আমি তো সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটির জন্য একটি করে নোবেল পাওয়া উচিত।’ তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে, যদিও পুতিনের সাম্প্রতিক আচরণে তিনি হতাশ। তবুও তিনি বিশ্বাস করেন, এই সংঘাত বন্ধ করাও তার পক্ষে সম্ভব।
ট্রাম্পের এই বক্তব্যে তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে আব্রাহাম চুক্তির মতো শান্তি উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তার এই দাবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ তার কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।





