৩৫ হাজার কোটি টাকা ঋণ পাবেন কৃষকরা: বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই নীতিমালা ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে. এম. সাজেদুর রহমান খান।
এ বিষয়ে এ. কে. এম. সাজেদুর রহমান খান বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও সুস্বাস্থ্য অর্জনে এই নীতিমালা ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। ২০২২-২০২৩ অর্থবছরে ৩০ হাজার ৮১১ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ১২ হাজার ৩০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২২ হাজার ৯৭০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান সাজেদুর রহমান।
আর নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে চলতি অর্থবছরে ঋণ বিতরণের হার লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীতকরণের নীতিগ্রহণ করা হয়েছে বলে জানান ডেপুটি গভর্নর। তিনি বলেন, মৎস্য খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৩ শতাংশ এবং প্রাণিসম্পদ খাতে লক্ষ্যমাত্রার ন্যূনতম ১৫ শতাংশ ঋণ বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, যারা সরকারের নীতিমালা অনুসরণ করে কৃষিঋণ দিচ্ছে না, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সারওয়ার হোসেন বলেন, যারা এটি করবে না, তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও যদিও কেউ ঋণ বিতরণ করে, তাহলে সেই ব্যাংককে লক্ষ্যমাত্রা ও ঘাটতি বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল ডেভলপমেন্ট কমন ফান্ডে জমা দিতে বলা হয়েছে। এটিও তাদের জন্য শাস্তি।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ এসব কারণে শিশুরা একগুঁয়ে হয়ে যায়





