২৯ অক্টোবর থেকে আগারগাঁও-মতিঝিল অংশে চলাচল করবে মেট্রোরেল
আগামী ২৯ অক্টোবর থেকে রাজধানীর আগারগাঁও-মতিঝিল অংশে চলাচল করবে মেট্রোরেল।
সোমবার (৯ অক্টোবর) সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী জানিয়েছেন, ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এ অংশের উদ্বোধন করবেন।
অবশ্য মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের কথা ছিল ২০ অক্টোবর। গত ২০ আগস্ট সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছিলেন। তবে তা পিছিয়ে ২৯ অক্টোবর দিন নির্ধারণ করা হলো।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মোট দৈর্ঘ্য ২১ কিলোমিটার। যাত্রী সুবিধার কথা বিবেচনা করে পরবর্তী সময়ে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার রুট বাড়ানো হয়েছে। বর্ধিত অংশের কাজ শেষ হবে ২০২৪ সালের জুন নাগাদ।
আরও পড়ুনঃ মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে: ওবায়দুল কাদের





