২৪ লাখের বেশি বিদেশি শ্রমিক নিচ্ছে মালয়েশিয়ায়
মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে, কলিং ভিসার আওতায় ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ভিসার জন্য আবেদন করা যাবে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কৃষি, বাগান, খনি, নির্মাণ, উৎপাদন, এবং সেবা খাতের ১৩টি উপখাতে শ্রমিক নিয়োগ করা হবে। সেবা খাতের মধ্যে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়, গুদামজাতকরণ, নিরাপত্তা প্রহরী, ধাতু ও স্ক্র্যাপ উপকরণ, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো হ্যান্ডলিং এবং ভবন পরিচ্ছন্নতার কাজ। তবে নির্মাণ খাতে শুধুমাত্র সরকারি প্রকল্পে এবং উৎপাদন খাতে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্পে শ্রমিক নিয়োগের সুযোগ থাকবে।
এবারের কলিং ভিসায় আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। শুধুমাত্র খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো আবেদন করতে পারবে। ব্যক্তিগত এজেন্ট বা নিয়োগকর্তারা সরাসরি আবেদনের সুযোগ পাবেন না। আবেদনগুলো ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং যৌথ কমিটি যাচাই-বাছাই করে অনুমোদন করবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু রয়েছে, যা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে। এরপর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ দেশের মোট জনশক্তির ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে এই কোটায় বাংলাদেশি শ্রমিকদের জন্য কতটি সুযোগ থাকবে, তা এখনো স্পষ্ট করেনি মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
আগ্রহীদের এই সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।





