হিলিতে ২৪টি স্বর্ণের বারসহ আটক পাঁচ
হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৪টি স্বর্ণের বারসহ পাঁচজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আজ বুধবার বিকালে হিলির বাংলাদেশ সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার মনোরঞ্জন দাস ও মো. মনিরুল ইসলাম, ঘিওর উপজেলার মো. ফরহাদ হোসেন ও জসীম উদ্দিন এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. মতিয়ার রহমান।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর পাচারকালে দুই কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ হিলির ভারত সীমান্তে দুই পাচারকারী আটক হন। ওই ঘটনার পর হিলি কাস্টমসে দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে বদলীও করা হয়। এরপর থেকে গোয়েন্দা সংস্থার নজরদারী বাড়ানো হয়।
বুধবার বিকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট কার্যক্রম শেষে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই পাঁচজনকে আটক করা হয়। পরে গোয়েন্দা অফিসে নিয়ে তল্লাশি চালিয়ে তাদের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকার বেশি।
আরও পড়ুনঃ সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু





