স্থানীয় সরকার নির্বাচন ব্যক্তিভিত্তিক হবে: জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশগ্রহণ করবে না। নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগের সময় স্থানীয় সরকারের প্রধান পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হতো। তবে আগামী লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কোনো দল সরাসরি অংশ নিচ্ছে না। এখানে প্রার্থীরা ব্যক্তিস্বাতন্ত্র্য নিয়ে নির্বাচন করবেন। ফলে কে কোনো দলের—তা মুখ্য নয়।”
তিনি আশা প্রকাশ করেন, অতীতের মতো সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ফিরে আসবে। “উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় নির্বাচন অংশগ্রহণমূলক হতে বাধ্য,” যোগ করেন তিনি।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টা বলেন, “সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়। ভারত সরকারকে এ বিষয়ে বারবারই আহ্বান জানানো হয়েছে।”
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে হলে ভারতকে হাসিনার বিষয়ে তাদের চিন্তাধারা পরিষ্কার করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
জাহেদ উর রহমান জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। “আমি তাকে আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা এবং অন্য যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থানটা এ রকম আছে। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য তাদের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত।”





