সৌদিতে ২৪ জন বাংলাদেশী নারী গৃহকর্মী উদ্ধার
সৌদি আরবের আরআর শহর থেকে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৪ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের একটি রিক্রটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশী নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে জানতে পেরে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাঁদের দ্রুত উদ্ধার করে দেশে পাঠানোর জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এসব নারী গৃহকর্মীকে উদ্ধার করেন।
এতে বলা হয়, শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনকালে জানতে পারেন, সৌদি রিক্রটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রটিং এজেন্সি মেসার্স এস. আনোয়ার ওভারসিজ’র মাধ্যমে এসব নারী কর্মীকে সৌদি আরবে এনে সৌদি নিয়োগ কর্তাদের বাসায় কাজে প্রেরণ না করে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে। পরিবারের সাথে তাদের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদেরকে কোন চিকিৎসা সেবা প্রদান করা হয়নি।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্তদের পাশে আছে শেখ হাসিনা সরকার: ওবায়দুল কাদের





