সোমালিয়ায় মার্কিন হামলায় নিহত ৩০ আল-শাবাব গেরিলা
সোমালিয়ার মোগাদিসু থেকে উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত গালকাদ অঞ্চলে মার্কিন বাহিনীর হামলায় আল-শাবাব গেরিলা গোষ্ঠীর অন্তত ৩০ যোদ্ধা নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার মার্কিন সশস্ত্র বাহিনীর আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২০ জানুয়ারি) সোমালিয়ান ন্যাশনাল আর্মির সমর্থনে মার্কিন বাহিনী একটি আত্মরক্ষামূলক অভিযান চালায়। রাজধানী মোগাদিসু থেকে অন্তত ২৬০ কিলোমিটার দূরের গালকাদ অঞ্চলে চালানো এ অভিযানে মার্কিন-সোমালি যৌথবাহিনীর সঙ্গে আল-শাবাব গেরিলাদের গোলাগুলি হয়। সেখানে শতাধিক আল-শাবাব গেরিলা ছিল।
আল-শাবাবকে আল-কায়েদার সঙ্গে সংযুক্ত সন্ত্রাসীগোষ্ঠী আখ্যা দিয়ে বিবৃতিতে আরো বলা হয়, এ হামলা চালানো হয়েছে বিমান থেকে। এ সময় ঘটনাস্থলে কোনো মার্কিন পদাতিক সেনা উপস্থিত ছিল না। তাছাড়া এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, পূর্ব আফ্রিকার স্থিতিশীলতা ও নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে সোমালিয়া। তাই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে মারাত্মক আল-কায়েদার অংশ আল-শাবাবকে পরাজিত করতে সোমালিয়াকে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা দিতে মার্কিন আফ্রিকা কমান্ড প্রশিক্ষণ, পরামর্শ এবং অস্ত্র দেয়া অব্যাহত রাখবে।
আরও পড়ুনঃ “ভারতের বইয়ের ছবি দিয়ে ধর্ম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে”





