সোমবার প্রকাশিত হবে এসএসসির পুনর্নিরীক্ষণের ফল
আগামী সোমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার আবেদনের ফল প্রকাশ করা হবে। এদিন দুপুরের পর একযোগে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হবে।
আজ রোববার আন্তঃশিক্ষা বোর্ডর সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সে জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সব বোর্ডে ফল একসঙ্গে প্রকাশ করা হবে। বোর্ডগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনর্নিরীক্ষণের কাজ করছে।
প্রফেসর তপন কুমার সরকার আরও জানান, ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ে এক লাখ ৯১ হাজারটির বেশি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
এদিকে একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শেষ হলেও আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে। প্রায় ১৩ লাখ শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেছে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা





